দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভূমিকম্প

দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভূমিকম্প ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট অঞ্চলের মানুষের মনে আগের ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটতে না কাটতেই আবারও দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ছিল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা এবং গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে কম্পন সৃষ্টি হয়।

যদিও ভূমিকম্পটির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল, তবুও কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

উল্লেখযোগ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুই দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সর্বশেষ পাওয়া খবরে বলা হয়েছে, এই ভূমিকম্পগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement