ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামের এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় পান। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরমান জানান, বিকেলের দিকে রফিকুল ইসলাম কারাগারের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, মো. রফিকুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৯১৮/২৬ এবং বাবার নাম আশরাফ আলী। তবে তিনি কোন মামলায় হাজতি ছিলেন, তা বিস্তারিত জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি তদন্তের আওতায় রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছেন।
































