টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের
Published : ১০:৪৪, ৯ জুন ২০২৬
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) ভোর প্রায় ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার (ঘোনারচালা) এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
































