এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করলেন চমেক ইন্টার্ন চিকিৎসকরা

এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করলেন চমেক ইন্টার্ন চিকিৎসকরা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৬, ৯ জুন ২০২৬

ছয় দফা দাবিতে টানা দুই দিনের কর্মবিরতির পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৯টা ৪০ মিনিটে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে আগামী সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত থাকবে।

সংগঠনের দপ্তর সম্পাদক ইরফানুর রহমান জানান, দেশের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ইতিবাচক অগ্রগতির আশায় সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই আন্দোলনে নামেন।

চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে— গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু করা।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানিয়েছেন তারা।

এদিকে আন্দোলনের মুখে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণরত বেসরকারি চিকিৎসকদের ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছে। তবে সব দাবি পূরণ না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা আপাতত আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement