দুই সপ্তাহের মধ্যে পূর্ণ বিজয়’— ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন দাবি
Published : ১১:১৯, ৯ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়’ অর্জন করবে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলি-সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলা করছে এবং তিনি বিশ্বাস করেন, চলমান সংঘাতে তাদের পক্ষই এগিয়ে রয়েছে। তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে ঘোষিত হতে যাওয়া এই ‘পূর্ণাঙ্গ বিজয়’ বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং তেলের দাম কমতে সহায়তা করবে।
এর আগে ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্তির ঘোষণা দেয়। তবে তেহরান সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর ও ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাবে।
উত্তেজনার সূত্রপাত ঘটে যখন ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইরানের সঙ্গে সংঘাত আপাতত স্থগিত রয়েছে। তবে ভবিষ্যতে নতুন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি


































