নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
Published : ১৩:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে দেশের নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথগ্রহণ করাবেন।
দলের দায়িত্বশীল সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার আকার প্রায় ৩৫ থেকে ৪০ জনের মধ্যে হতে পারে। এর মধ্যে ২৬–২৭ জন পূর্ণমন্ত্রী এবং ১০–১২ জন প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে আরও একজন বা দুজনের সংযোজনও হতে পারে।
মন্ত্রিসভা গঠনের জন্য দলের শীর্ষ ও অভিজ্ঞ নেতাদের নাম ইতিমধ্যে চূড়ান্ত তালিকায় রয়েছে। এই নেতাদের মধ্যে আছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহ্মদ।
দলের সূত্র আরও জানায়, অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আছেন ফজলুর রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আফরোজা খান রিতা, জহির উদ্দিন স্বপন, রুহুল কবীর রিজভী আহমেদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং ইসমাঈল জবিউল্লাহ।
এছাড়া টেকনোক্র্যাটদের মধ্যে রয়েছেন ড. হুমায়ুন কবির, ড. মাহদী আমিন, ড. জিয়াউদ্দিন হায়দার। স্থানীয় ও গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, ফরিদুল কবির তালুকদার, দিপেন দেওয়ান, শামা ওবায়েদ, ফারজানা রহমান পুতুল, সুলতান সালাউদ্দিন টুকু, আলী আজগর লবী, মজিবুর রহমান (গাজীপুর), মীর শাহে আলম (বগুড়া), আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, ওয়ারেস আলী মামুন (ময়মনসিংহ), ড. রেজা কিবরিয়া এবং অনিন্দ্য ইসলাম অমিত।
দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, মন্ত্রিসভা গঠনের সময় নবীন ও প্রবীণ নেতাদের মধ্যে সমন্বয়, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং প্রশাসনিক দক্ষতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন মন্ত্রিসভা কার্যকর ও শক্তিশালী প্রশাসন নিশ্চিত করতে এবং দেশের সুদূরপ্রসারী কল্যাণে কাজ করবে।
চূড়ান্ত মন্ত্রিসভা তালিকা শপথ অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিডি/এএন


























