বেসরকারি দুই কলেজের নাম পরিবর্তন করল সরকার
Published : ১৮:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজ এবং ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি আরও তিনটি কলেজের নাম পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোর মতামত চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতির চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড–এর চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজের নাম পরিবর্তন করে ‘মান্দা মডেল কলেজ’ করা হয়েছে। একই সঙ্গে ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নতুন নাম রাখা হয়েছে ‘ফরিদপুর মহাবিদ্যালয়’।
এদিকে নাম পরিবর্তনের বিষয়ে মতামত চেয়ে পাঠানো আরেকটি চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পুনরায় যাচাই করে নামকরণের যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত বা সুপারিশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে হবে। এই চিঠিগুলো পাঠানো হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ও বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড–এ।
প্রস্তাবিত নাম পরিবর্তনের তালিকায় রয়েছে—সাতক্ষীরা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নাম পরিবর্তন করে ‘দাঁতভাঙ্গা আদর্শ কলেজ’, জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ’ এবং ভার্সেটাইল মডেল কলেজের নাম পরিবর্তন করে ‘ভিক্টোরিয়া মডেল কলেজ’ করার সুপারিশ।
বিডি/এএন


























