নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন অনিন্দ্য ইসলাম অমিতের
Published : ১৫:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
যশোর-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই শান্তনু ইসলাম সুমিত। এদিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শান্তনু ইসলাম সুমিত জানান, আলহামদুলিল্লাহ, অমিতকে মন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ফোন করা হয়েছে। তবে কোন মন্ত্রণালয় তিনি পাচ্ছেন, তা এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। শপথগ্রহণের পর দফতর বণ্টন করা হবে।
অনিন্দ্য ইসলাম অমিতের বাবা তারিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন। তিনি চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার পথ অনুসরণ করে এবার অনিন্দ্য ইসলাম অমিতও মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের পান ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
২০০২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ফজলুল হক হলের হয়ে টিভি বিতর্ক প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছেন।
রাজনীতির পাশাপাশি অনিন্দ্য ইসলাম অমিত পেশাগত জীবনে ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড ও দৈনিক লোকসমাজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমি, যশোর প্রেস ক্লাব, যশোর চেম্বার অব কমার্স, যশোর ক্লাব, ঝিনাইদহ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বায়োকেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য।
তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেছেন।
বিডি/এএন


























