ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি শিক্ষার্থীদের উদ্দেশে একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি তরুণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বলেন আগামী দিনে বর্তমান শিক্ষাব্যবস্থায় পাস করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠতে পারে।
তার ভাষায়, “এখন আর টিকটক করে পরীক্ষায় পাস করার দিন নেই।” দেশের নতুন সরকার শপথ নেওয়ার দিনই কেন এমন বার্তা দিলেন—তা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
নিজের ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ লেখেন,
“শিক্ষার্থীরা, তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ—তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।”
এই পোস্টের সঙ্গে তিনি সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর একটি ছবিও যুক্ত করেন। সেখানে নিজের এসএসসি পাস করার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে সাজ্জাদ লেখেন,
“আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”
তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই শত শত ভক্ত ও অনুসারী পোস্টটি শেয়ার করেন। পাশাপাশি শুরু হয় নানা ধরনের মজার ও ব্যঙ্গাত্মক মন্তব্য। তাহের রাব্বী নামের একজন লেখেন,
“আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।”
শোয়েব তাহসিন মন্তব্য করেন,
“এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে?”
আর রেহনুমা নামের একজন লিখেছেন,
“সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।”
সব মিলিয়ে ইরফান সাজ্জাদের এই ফেসবুক স্ট্যাটাস শুধু শিক্ষার্থীদের সতর্কবার্তাই নয়—বরং বর্তমান শিক্ষাব্যবস্থা, পড়াশোনার গুরুত্ব এবং সামাজিক বাস্তবতা নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
































