মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ: সতর্ক থাকার ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান রিক্রুটিং উদ্যেক্তা রাকিব হোসাইন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ: সতর্ক থাকার ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান রিক্রুটিং উদ্যেক্তা রাকিব হোসাইন ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

Published : ১৭:৫৭, ১৭ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনাকে কেন্দ্র করে কর্মপ্রত্যাশী কর্মী ও রিক্রুটিং এজেন্সি—উভয় পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি ‘দি আকসা ওভারসীজ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রাকিব হোসাইন। সম্ভাবনাময় এই শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে নির্ভরযোগ্য তথ্য যাচাই, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

সরকারি অনুমোদন ও বাস্তব পরিস্থিতি যাচাই

মোঃ রাকিব হোসাইন জানান, মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগ শুরু হলে তা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তবে শ্রমবাজার চালুর সম্ভাবনা বা প্রাথমিক আলোচনা কখনোই চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের সমতুল্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া বা আর্থিক লেনদেন করা উচিত নয়। নিয়োগের প্রকৃত চাহিদা, অনুমোদিত কর্মীসংখ্যা, নিয়োগকর্তার সক্ষমতা এবং সরকারি অনুমোদন নিশ্চিত হওয়া আবশ্যক।

বিদেশগামী কর্মীদের জন্য অর্থ লেনদেনে সতর্কতা

বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেবল চাকরি বা ভিসার মৌখিক প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে তথ্য যাচাই ছাড়া কাউকে টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। মধ্যস্বত্বভোগী বা দালালদের ওপর নির্ভর না করে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ও বৈধতা যাচাই করা জরুরি। পাশাপাশি নিয়োগকর্তার নাম, পদের নাম, বেতন, কর্মঘণ্টা, থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা এবং ভিসা সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে নিশ্চিত হয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল শ্রমবাজার গঠনের তাগিদ

তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুনাম ও স্থায়িত্ব বজায় রাখতে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার, মূল নিয়োগকর্তা, বৈধ রিক্রুটিং এজেন্সি এবং কর্মী—এই চার পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় থাকা প্রয়োজন। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে, প্রতারণা রোধ করা সম্ভব হবে এবং বৈধ উদ্যোক্তাদের ব্যবসায়িক সুনাম রক্ষা পাবে।

দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সবসময় সম্ভব হয় না উল্লেখ করে তিনি বলেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য যে সুযোগ তৈরি হচ্ছে, সেটিকে সঠিক, নিরাপদ ও দায়িত্বশীলভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ‘দি আকসা ওভারসীজ’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি রিক্রুটিং এজেন্সি (লাইসেন্স নম্বর: আর.এল-২০৭৫)।

শেয়ার করুনঃ
Advertisement