বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার

বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১২, ৩ এপ্রিল ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই—মাত্র প্রায় ৭০ দিনের অপেক্ষা। এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্বাভাস দিয়েছে জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক ব্রিটিশ বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা।

স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে, অপ্টার সুপারকম্পিউটার বিশ্লেষণে ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। দলটির শিরোপা জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে ১৫.৮৩ শতাংশ। এ তথ্য প্রকাশ করেছে গোল ডটকম।

পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ দলটি এবারও শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১২.৭৭ শতাংশ। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

অপ্টার তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে, আর ইংল্যান্ড দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর আশায় লড়বে।

শীর্ষ পাঁচের শেষ স্থানে জায়গা করে নিয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন দলটির জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ।

অন্যদিকে, বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দল ব্রাজিল ও জার্মানি অপ্টার এই পূর্বাভাসে শীর্ষ পাঁচে জায়গা পায়নি। তারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে।

বিশ্বকাপ এখনো মাঠে গড়ায়নি, তবে এরই মধ্যে অপ্টার এই বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, সুপারকম্পিউটারের এই হিসাব বাস্তবের মাঠে কতটা সত্যি প্রমাণিত হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement