খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published : ১৯:৪৫, ৫ আগস্ট ২০২৬
রাজধানীর খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আরিফ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পোড়ারচর সরদারপাড়া এলাকার আলম সরদারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার মো. ইছার আলী জানান, আরিফ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সকালে তিনি ভবনের নিচতলা থেকে ওপরের দিকে উঠতে দেখেন। কিছুক্ষণ পর ভবনের ছাদে নির্মাণাধীন নামাজের কক্ষ থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন, সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন আরিফ। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে আরিফ মানসিকভাবে বিষণ্ন ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে খুব একটা কথা বলতেন না। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন ভবনের ছাদের নামাজের কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

































