হাদি হত্যাকারীদের ফেরাতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়, শাহবাগে অবস্থানের হুঁশিয়ারি
Published : ১৮:৪৯, ১৩ আগস্ট ২০২৬
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার না হলে আগামী ১২ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
একই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহবাগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মী এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে।
আবদুল্লাহ আল জাবের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তাঁর দাবি, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার প্রশ্নের মুখে পড়বে।
এদিকে সকালে আয়োজিত ‘রাহে ইনকিলাব’ শীর্ষক বিপ্লবী র্যালিতে অংশ নিয়ে সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, দীর্ঘ দুই বছরের লড়াই, সংগ্রাম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করার যে পথচলা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে।
শহীদ ওসমান হাদির অনুপস্থিতি ইনকিলাব মঞ্চ ও দেশবাসীর জন্য অপূরণীয় শূন্যতা উল্লেখ করে তিনি বলেন, তাঁর হত্যার বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সাংস্কৃতিক লড়াইয়ে তারা রাজপথে থাকবেন।
ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ফজরের নামাজের পর সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আজীবন মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে সকাল সাড়ে ১১টায় ‘রাহে ইনকিলাব’ শিরোনামে প্রতিষ্ঠাবার্ষিকীর বিপ্লবী র্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনটি জানিয়েছে, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের বিভিন্ন ঐতিহাসিক চেতনা ধারণ করে বাংলাদেশপন্থি সাংস্কৃতিক ধারা গড়ে তোলার লক্ষ্যেই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।





























