রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
Published : ১০:৪৮, ১৬ আগস্ট ২০২৬
রাঙামাটির সদর উপজেলার মানিকছড়িতে পিকআপ ভ্যান উল্টে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৬ আগস্ট) ভোরে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শোভা চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
































