শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজ: তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক গ্রেপ্তার

শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজ: তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক গ্রেপ্তার ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

Published : ১৮:৩৬, ২১ আগস্ট ২০২৬

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর এক নারী হত্যা ও তাঁর এক বছরের শিশুসন্তান নিখোঁজের ঘটনায় প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। অভিযানে তাঁর কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত অলংকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি মাদরাসার বিপরীতে ঝোপের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত নারীর নাম শাম্পা খাতুন (২৮)। তিনি নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুর সদরের বড় মেহের গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক বছরের ছেলে আবিরও রয়েছে।

মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা থানায় গিয়ে জানান, তাঁর নাতি আবিরেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে তিনি বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে মাদারীপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‍্যাব-৮-এর যৌথ দল অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শিবচর ও রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনার তেরখাদা এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাখরের কান্দিতে বসবাসকারী ফারুককে আটক করা হয়।

পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে শাম্পার ব্যবহৃত স্বর্ণের নাকফুল, রূপার চেইন, ঘরের চুলা থেকে অর্ধপোড়া ওড়না এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শাম্পাকে হত্যার পর তাঁর এক বছরের শিশুসন্তান আবিরকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে।

শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানান, নিখোঁজ শিশু আবিরের মরদেহ উদ্ধারে নদীতে অভিযান চলছে। অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement