আলোচিত নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার
Published : ০৯:২৩, ২৪ আগস্ট ২০২৬
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, দণ্ডিত আসামিদের আপিল ও জেল আপিলের রায় আজ সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট। রায়কে কেন্দ্র করে নুসরাতের বাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের আবেদনের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে বাড়িটিতে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও বর্তমানে আরও সাতজন অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকায় টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, তারা নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল থাকার প্রত্যাশা করছেন। তিনি বলেন, আসামিরা যেন আইনের কোনো ফাঁকফোকর ব্যবহার করে পার না পায়—এটাই পরিবারের প্রধান দাবি। বাড়িতে নিরাপত্তা বাড়ানোয় সন্তোষ প্রকাশ করলেও বাইরে চলাচল নিয়ে শঙ্কার কথা জানান তিনি।
গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়। পরে আদালত ২৪ আগস্ট রায়ের দিন নির্ধারণ করেন।
বিশেষ এই বেঞ্চে নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়।
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা মামলা করেন। পরে মামলা তুলে নিতে চাপের মুখেও নুসরাত রাজি হননি বলে অভিযোগ রয়েছে।
এরপর ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে তাকে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থেকে ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
ঘটনার পর নুসরাতের ভাই মামলা করেন এবং তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিত ব্যক্তিরা সাজার বিরুদ্ধে আপিল করেন।
হাইকোর্টের রায়ে নিম্ন আদালতের সাজা বহাল থাকবে, নাকি কোনো পরিবর্তন আসবে—সেদিকেই তাকিয়ে রয়েছে নুসরাতের পরিবার।


































