এ রায়ে আমি সন্তুষ্ট, মেয়ের আত্মা শান্তি পেয়েছে: নুসরাতের মা

এ রায়ে আমি সন্তুষ্ট, মেয়ের আত্মা শান্তি পেয়েছে: নুসরাতের মা ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি রিপোর্ট

Published : ২০:০৮, ২৪ আগস্ট ২০২৬

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন।

সোমবার, ২৪ আগস্ট দুপুরে হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ ছাড়া চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম।

রায় ঘোষণার পর সোনাগাজীর উত্তর চরচান্দিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুসরাতের মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মেয়ের হত্যার বিচার পাওয়ায় তিনি সন্তুষ্ট এবং এতে তার মেয়ের আত্মা শান্তি পাবে বলে বিশ্বাস করেন।

শিরিন আক্তার বলেন, “সিরাজ উদদৌলার কারণে আমি আমার মেয়েকে হারিয়েছি। রাফিকে ছাড়া সাত বছর কীভাবে কাটিয়েছি, তা কেউ বুঝবে না।”

পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, তার ছেলেদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। বাড়িঘরে হামলা বা অগ্নিসংযোগের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।

নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমানও নিরাপত্তা দাবি করেছেন। তিনি বলেন, নিম্ন আদালতের রায়ের পর আসামিদের স্বজনদের কাছ থেকে বিভিন্নভাবে হুমকি পেয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় দেন। রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সোনাগাজী মডেল থানা।

শেয়ার করুনঃ
Advertisement