নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৭, ২৫ আগস্ট ২০২৬

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার, ২৪ আগস্ট সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে সকালে বাবাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনার সময় তার স্ত্রী দীপালী রায় কর্মস্থলে ছিলেন। তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তিনি বাবাকে দেখতে পান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার রায় শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন।

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। তার বাবার নাম প্রয়াত শুদ্ধন্য কুমার রায়।

শেয়ার করুনঃ
Advertisement