নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫১, ৩ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জামালপুর আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ও সহকারীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বাস থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন শ্রমিকরা।

ঘটনার পর চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

শ্রমিক নেতারা বলেন, মহাসড়কে দায়িত্ব পালনকালে চালক ও সহকারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বাস ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement