দুই দিন পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

দুই দিন পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে দুই দিন ধরে বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে যথারীতি বাস ছেড়ে যেতে শুরু করে, যার ফলে দীর্ঘসময় আটকে থাকা যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

পরিবহন সূত্র জানায়, রাজশাহী থেকে দর্শনাগামী 'রাব্বি পরিবহনের' একটি বাস নাটোরে আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে পাল্টাপাল্টি বাস আটকের ঘটনা ঘটে। শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী 'দেশ ট্রাভেলস' ও 'ন্যাশনাল ট্রাভেলসের' কয়েকটি বাস আটকে রাখার অভিযোগ উঠলে এর প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনাল ও কাউন্টারে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সৃষ্ট বিরোধের অবসান ঘটায় শনিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে রাজশাহী থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুনঃ
Advertisement