রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০
Published : ১৫:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮ জন রাজবাড়ী সদর হাসপাতালে এবং বাকি দুজন বালিয়াটান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জেলার গোয়ালন্দ উপজেলায় চারজন এবং কালুখালীতে একজন ডেঙ্গু রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে ৫২ জন এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জেলা ও উপজেলা পর্যায়ের বেশির ভাগ রোগী উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। বর্তমানে হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজন সাপেক্ষে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অন্যদের প্রয়োজনীয় প্রাথমিক সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

































