সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা
Published : ১০:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর দুই ভাই ও তাদের বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহগুলো হলো—হেলাল উদ্দিনের ছেলে সজিব ও সামিন এবং মেয়ে সামিয়া। তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
এর আগে ট্রলারডুবির পর রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। মেঘনা নদীর মাঝপথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। একই পরিবারের হেলাল উদ্দিন, তাঁর দুই ছেলে সজিব ও সামিন এবং মেয়ে সামিয়া নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


































