২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে মন্ত্রীর ফোন

২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে মন্ত্রীর ফোন ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি

Published : ১৫:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল পাওয়ার ঘটনায় ভুক্তভোগী গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

একই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে আলেয়া খাতুনকে ফোন করেন মন্ত্রী। অস্বাভাবিক বিদ্যুৎবিলের কারণে তাকে যে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি ইস্যু করা হয়েছিল। বিলে তার মাসিক বিদ্যুৎ ব্যবহার ২৩৫ ইউনিট দেখানো হলেও ডিমান্ড চার্জ হিসেবে উল্লেখ করা হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা।

এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

তবে ২৩৫ ইউনিট ব্যবহারের হিসাবে ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিষয়টি ধরা পড়ার পর বিল সংশোধন করে প্রকৃত অর্থ নির্ধারণ করা হয়। পরে আলেয়া খাতুন সংশোধিত বিল পরিশোধ করেন।

ঘটনার পর মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement