শিশু হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী, চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
Published : ১৩:৪৭, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হাসপাতালের এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে এবং কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। এ সময় কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।




























