ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৫, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানা সন্দেহে আকস্মিক অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের ঢাকা-৬ আসনে কোনো স্থান হবে না। মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও কঠোর হবে বলেও জানান তিনি।

মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা বাইরে থেকে এলাকায় মাদক সরবরাহ করে, তাদের শনাক্ত ও আটক করতে সহযোগিতাকারীদেরও গুরুত্ব দেওয়া হবে। ঢাকা-৬ আসন থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে ইশরাক হোসেন তাদের বলেন, তাদের গায়ে কেউ হাত দেবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কাউকে মারধর করার জন্য অভিযান চালানো হয়নি; আটক ব্যক্তিদের বিচার হবে আইনি প্রক্রিয়ায়।

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। পদার্থগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুনঃ
Advertisement