মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ, গণপিটুনিতে যুবকের মৃত্যু
Published : ১৫:৩৩, ১৮ অক্টোবর ২০২৬
ভোলার সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতা হোসেন ম্যানেজারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আসিফ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর গণপিটুনিতে আহত আসিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হোসেন ম্যানেজার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুরের বাসিন্দা আসিফকে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেন হোসেন ম্যানেজার। এর জেরে আসিফ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আসিফকে গণপিটুনি দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আসিফের মা হালিমা বেগম বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত এবং হোসেন ম্যানেজারকে কুপিয়েছে, সবই সঠিক। তাই বলে হত্যা করবে? আমি এটার বিচার চাই।’
স্থানীয় বিএনপি নেতা আবুল খায়ের বলেন, ‘আসিফ মাদকাসক্ত, সে পূর্বেও একাধিকবার জেল খেটেছে।’ আসিফের মৃত্যুকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাতের পর বিক্ষুব্ধ জনতা আসিফকে গণপিটুনি দেয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।



























