মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার, পলাতক মূলহোতা

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার, পলাতক মূলহোতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪০, ১৮ অক্টোবর ২০২৬

মাগুরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও স্টিলের লকার জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের মূলহোতা দীপ্ত কুমার বিশ্বাস পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী শম্পা দাস (৩২) ও তাঁর মা পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। গ্রেপ্তারের সময় শম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশুসন্তান ছিল।

রোববার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, মাদকের বড় একটি চালান পাচারের প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজের পুরোনো হোস্টেলের পেছনে সবুজ নামের এক ব্যক্তির একতলা ভবনে ভাড়া থাকা দীপ্ত কুমার বিশ্বাসের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী ও মাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে ভাড়া বাসাটিতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার দুই নারীর দেখানো মতে, একটি স্টিলের লকার থেকে ২০টি নীল রঙের পলিথিন জিপার প্যাকেটে রাখা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই লকার থেকে মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকাও জব্দ করা হয়।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নম্বরপ্লেটবিহীন হলুদ-কালো রঙের একটি অ্যাপাচি মোটরসাইকেল এবং কালো রঙের একটি বাওফেং ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি দল ও নারী পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারীর সঙ্গে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের সঙ্গে তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে ধারণা করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামতের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে থানায় সোপর্দ করা হয়েছে। এ চক্রের মূলহোতা দীপ্ত কুমার বিশ্বাসকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাগুরা জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মাদক কারবারি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement