দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪ জন
Published : ১৫:৫৫, ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া ৬৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১২২ জন। হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে এ বিভাগে মারা গেছেন তিনজন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৬, বরিশালে ২০৫, সিলেটে ১২৩, খুলনায় ৭৫, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৪২ এবং রাজশাহী বিভাগে ৩৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
মৃত্যুর হিসাবে সিলেট বিভাগে দুজন এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



























