ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ জন
Published : ১৭:১৫, ১৮ অক্টোবর ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের অঞ্চলে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন করে এবং সিলেট বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন মারা গেছেন।
একই সময়ে বিভাগ ও এলাকাভিত্তিক হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ২৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন, রাজশাহী বিভাগে ২০০ জন এবং বরিশাল বিভাগে ১৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১৬৬ জন।
এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৬ জন করে, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।































