ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে
Published : ১৭:৪১, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে আটক করেছেন আনসার সদস্যরা। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে আটক করে পরে আইনি প্রক্রিয়ার জন্য ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটক মো. রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার বিবরণে ঢামেকের দায়িত্বপ্রাপ্ত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, হাসপাতালের জরুরি বিভাগে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় আনসার সদস্যরা তাঁকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান তিনি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চিকিৎসক পরিচয় দেওয়ার কারণ সম্পর্কে আটক রাকিব জানান, তাঁর ভাই অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাঁকে আটক করেন বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটক ওই ব্যক্তিকে আনসার সদস্যরা পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

































