লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
Published : ১২:৫০, ১৯ অক্টোবর ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে রাতেই আখড়াবাড়ি থেকে সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে বিষয়টি জানানো হলে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা করে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করে। এরপর বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছিল, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে।





























