মুন্সীগঞ্জে ঘরে বসে জাল টাকা তৈরি, ২ লাখ টাকার নোটসহ যুবক গ্রেপ্তার
Published : ১৫:৫০, ১৯ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বাসায় কালার প্রিন্টার ব্যবহার করে জাল টাকা তৈরির অভিযোগে শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে একটি একতলা ভবনের উত্তর পাশের কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ও জব্দের বিষয়টি জানানো হয়। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমও এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার শ্রাবণ হোসেন স্থানীয় বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল নোট তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন বলে জানা গেছে।
এ ঘটনায় শ্রাবণ হোসেনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।































