নেত্রকোনায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
Published : ১৫:৫৮, ১৯ অক্টোবর ২০২৬
নেত্রকোনার পূর্বধলায় ফার্মেসিতে কাজ করা এক শিশুকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০) নামে এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিশুর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গ্রেপ্তার দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক। পাশাপাশি তিনি একটি ফার্মেসি পরিচালনা করেন, যেখানে শিশুটি কাজ করত বলে জানা গেছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন, ঘটনার দিন রাতে কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তার সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পূর্বধলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।































