মতলব উত্তরে পৃথক অভিযানে গ্রেপ্তার ২, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৮

মতলব উত্তরে পৃথক অভিযানে গ্রেপ্তার ২, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৮ ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

Published : ১৭:৩৭, ১৯ অক্টোবর ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত ও প্রতারণার মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মতলব উত্তর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা মো. মনির হোসেন (৪৫)। তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি। তাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

অপর গ্রেপ্তার ব্যক্তি মো. আলামিন সানা (৩৬)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাতপুর গ্রামের বাসিন্দা এবং ব্র্যাক এনজিওর চাঁদপুর-১ অঞ্চলের মতলব উত্তর উপজেলার লুধুয়া বাজার শাখার ব্যবস্থাপক। তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক আট কিশোরের পরিচয় ও তথ্য যাচাই শেষে তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং দমনে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement