রাজশাহীতে তারেক রহমানের জনসভাস্থলের কাছে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
Published : ১৪:৫০, ২০ অক্টোবর ২০২৬
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠের কাছের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় নগরীর রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুকুরটির অবস্থান জনসভাস্থল থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আরএমপির হোয়াটসঅ্যাপ মিডিয়া সেলে তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, পুকুরে গোসল করতে নেমে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে মাদ্রাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ঘটনাস্থলসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






























