খাগড়াছড়ির দুর্গম নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ২০০ মানুষ

খাগড়াছড়ির দুর্গম নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ২০০ মানুষ ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি

Published : ১৭:৪৪, ২০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ নাক্রাইপাড়ায় প্রায় ২০০ বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের এ সেবা দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ (আরএমও)।

ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বাতব্যথা, অ্যালার্জি ও চর্মরোগসহ বিভিন্ন সাধারণ ও মৌসুমি রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল। এ সময় স্থানীয় কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জোন কমান্ডার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানান।

দুর্গম এলাকায় সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়ন চাহিদার কথাও তুলে ধরেন।

স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে নাক্রাইপাড়া ত্রি-মোড়ে সৌরবিদ্যুতের বাতি স্থাপন, বিদ্যালয়ের কাছে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ এবং বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন। এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়।

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement