সাজেকে সড়ক অবরোধ, নিরাপত্তায় নামিয়ে আনা হচ্ছে ৩ হাজার পর্যটক

সাজেকে সড়ক অবরোধ, নিরাপত্তায় নামিয়ে আনা হচ্ছে ৩ হাজার পর্যটক ছবি: সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি

Published : ১১:১৭, ২২ অক্টোবর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের উজো বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন গণঅধিকার রক্ষা কমিটির সদস্যরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটককে নামিয়ে আনা হচ্ছে। তারা বর্তমানে বাঘাইহাটের পথে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে উজো বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এর ফলে পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

নিরাপত্তাজনিত কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল।

অবরোধের কারণে পর্যটননির্ভর সাজেকের যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement