খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
Published : ১১:৫৪, ২২ অক্টোবর ২০২৬
খুলনা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তুষার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন।
তুষার খুলনার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে তাঁর সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁকে গুলি করা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান তিনি।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলের কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিপক্ষ গ্রুপের গুলিতেই তুষারের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, তুষারের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।































