সাজেকে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ, গুলিবিনিময়
Published : ১২:৪০, ২২ অক্টোবর ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষ ঘটনাক্রম অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উজোবাজার এলাকায় সড়কের ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ির দিকে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি গড়ায় গুলিবিনিময়ে।
সকালে অবরোধ শুরু হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটক খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে সাজেক ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজারে পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। সেখানে অবরোধকারীরা অবস্থান করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পর্যটকেরা নিরাপদে দীঘিনালার কাছাকাছি পৌঁছেছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন সাজেক সড়কে অবরোধের ডাক দেয় বলে জানা গেছে।
তবে এ ঘটনায় ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তাঁর দাবি, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তাঁর ভাষ্য, সাজেকে ইউপিডিএফের কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতেই এ ধরনের প্রচার চালানো হচ্ছে।





























