শেরপুরে ড্রামের ভেতর অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Published : ১৪:৩৩, ২২ অক্টোবর ২০২৬
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারে ব্রিজের নিচে খালের পানিতে ভাসমান একটি নীল প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি খুললে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়।
পুলিশের তথ্য অনুযায়ী, নারীর গলায় কাপড় পেঁচানো ছিল। তাঁর কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। তবে তাঁর পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল লতিফ জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।































