সাজেকে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ, দুই ঘণ্টা গোলাগুলি
Published : ১৭:৩৭, ২২ অক্টোবর ২০২৬
রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
এদিন রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় পর্যটকেরা সেখান থেকে বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
পুলিশ সুপার বলেন, একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সব পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।































