রাজশাহী স্টেশনে যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সদস্য বরখাস্ত
Published : ১১:২৮, ২৪ অক্টোবর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী আমিনুল ইসলাম পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই যাত্রীর একজন রুবেল (২৫)। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামে। অপর যাত্রী অলিউল্লাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের বাসিন্দা। গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী স্টেশনে পৌঁছান তারা। রাত বেশি হওয়ায় অন্য কোথাও না গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে বসে খাবার খাওয়ার সময় আমিনুল ইসলাম পলাশ ও তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি তাদের কাছে যান।
অভিযোগ অনুযায়ী, কথাবার্তার একপর্যায়ে ওই তিনজন দুই যাত্রীকে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান। পরে তাদের কাছ থেকে জোর করে ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যান।
ঘটনার রাতেই রাজশাহী স্টেশন চৌকির আরএনবি ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী তাদের সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে অভিযোগ প্রত্যাহারে রাজি হননি দুই যাত্রী। এরপর আমিনুল স্টেশন ছেড়ে চলে যান। বৃহস্পতিবার দিনভর তাকে স্টেশনে দেখা যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ওই রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত সিপাহী আরও দুজনের সহযোগিতায় দুই যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।
তিনি আরও জানান, পূজার ছুটিতে অফিস বন্ধ থাকায় আগামী রোববার (২৫ অক্টোবর) অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।































