খুলনায় যুবদল নেতাকে গুলি, গুরুতর আহত

খুলনায় যুবদল নেতাকে গুলি, গুরুতর আহত ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

খুলনা প্রতিনিধি

Published : ১৩:৩৬, ২৪ অক্টোবর ২০২৬

খুলনার তেরখাদায় মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর পাঁজর বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পাঁজরে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement