গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুর প্রতিনিধি:

Published : ১২:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, একজন নারী ও একটি শিশু। আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হন। 

পরে গুরুতর আহত অবস্থায় ৪ বছরের এক ছেলে শিশু এবং অটোরিকশার চালকসহ ৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত অটোরিকশা চালকসহ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement