সাভারে শ্রমিক অসন্তোষ-সহিংসতা, নয় মামলায় আসামি ১৫০০
Published : ১৩:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও সহিংসতার জেরে ৯টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা এসব মামলায় অন্তত ৩১ জনের নাম উল্লেখসহ ১৫০০ জনকে আসামি করা হয়েছে।
৫-১২ সেপ্টেম্বর আশুলিয়া থানায় এসব মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। আশুলিয়া থানার পরিদর্শক মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এর মধ্যে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেডের পক্ষে একটি মামলা করেন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আলম। এতে ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে প্রায় ২০০ বহিরাগত লোক ইয়াগী বাংলাদেশ গার্মেন্টসে এসে হামলা করে। তারা কারখানার প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এ সময় কারখানার নিরাপত্তা প্রধান আবুল কাশেম ঠাকুর, সুপারভাইজার আব্দুস সাত্তার, নিরাপত্তা প্রহরী তুলা মিয়া, মাসুদুর রহমান, সুলতান, ব্যবস্থাপক (প্ল্যানিং) আব্দুল হামিদ, স্টোর ইনচার্জ সোলাইমান, স্যাম্পল ম্যানেজার মো মশিউরসহ অন্যান্য কর্মকর্তারা বাধা দিলে তাদের মারধর করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা।
তারা কারখানা থেকে ল্যাপটপ, মনিটর, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল টিম ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলাগুলো দায়ের করেছেন। এসব মামলায় প্রায় ৩১ জনের নাম উল্লেখ করাসহ সহস্রাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিডি/ও


































