আবু সাঈদের নামে কওমি মাদ্রাসা করবে হেফাজত
Published : ১৪:২৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ আবু সাঈদের নামে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
মাদ্রাসাটি আন্দোলনে নিহত আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে তার কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি চত্ত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়েখ সাজিদুর রহমান বলেন, জালেম শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। আগামীতে এই জমিনে কোনো জালিমকে ছাত্র-জনতা বরদাশত করবে না।
সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক ছাপাতে করতে হবে।
তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এ সময় তিনি শহীদ আবু সাঈদসহ ২০১৩ সালে শাপলা চত্ত্বরে ২০২১ ও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বিচারের দাবি করেন।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির উল্লাহ প্রমুখ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইদ্রিস আলী।
যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, বিরোধীদল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ গণহত্যার শিকার হয়েছে। সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাসিনাকে ধরে এনে তার মন্ত্রী পরিষদের সদস্যসহ সবাইকে বাংলার মাটিতে বিচারের আওতায় আনতে হবে।
এর আগে মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল আবু সাঈদের কবর জিয়ারত করে এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।
এ সময় হেফাজতের পক্ষ থেকে নিহত আবু সাঈদের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিডি/ও


































