উত্তরাঞ্চলে কৃষি ঋণে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নির্ধারণ

উত্তরাঞ্চলে কৃষি ঋণে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নির্ধারণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৫, ৩১ আগস্ট ২০২৬

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে কৃষি ঋণের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় দেওয়া ঋণে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নেওয়া যাবে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। এরপর গ্রাহকদের দেওয়া ঋণের ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের মধ্যেই রাখতে হবে।

ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ড
খাত ও প্রকল্পের ধরন বিবেচনায় ঋণের মেয়াদ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দিষ্ট কিছু খাতে ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১৮ মাস। এসব ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাসের গ্রেস পিরিয়ড দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া অন্যান্য নির্ধারিত খাত ও প্রকল্পের জন্য ঋণের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩৬ মাস। প্রকল্পের ধরন অনুযায়ী এসব ঋণে তিন থেকে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যাবে।

শর্ত ভাঙলে বাড়তি আর্থিক দায়
পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পাওনা পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। এর মধ্যে ঋণের আসল অর্থের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ৩ শতাংশ সুদ বা মুনাফাও অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে গ্রাহকের কাছ থেকে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হলে সংশ্লিষ্ট ব্যাংকের ওপর অতিরিক্ত আর্থিক দায় আরোপ করা হবে।

অন্যদিকে, পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার না হলে সংশ্লিষ্ট অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত ২ শতাংশ সুদ বা মুনাফা এককালীনভাবে আদায় করা হবে।

প্রচারণার নির্দেশ
গ্রাহকেরা যাতে সহজেই এই ঋণের সুবিধা সম্পর্কে জানতে পারেন, সে জন্য ব্যাংকের শাখার ভেতরে ও বাইরে দৃশ্যমান স্থানে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ দেওয়ার তথ্যসংবলিত ব্যানার টানাতে হবে। পাশাপাশি প্রচারণার মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের এই সুবিধার বিষয়ে জানাতে হবে।

সংশোধিত নির্দেশনায় যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ছাড়া আগের সার্কুলারে থাকা অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুনঃ
Advertisement