উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
Published : ১৩:০৮, ২ সেপ্টেম্বর ২০২৬
উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল, বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংকের চুক্তি
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এসএমই ও কৃষি বিভাগের শরীফ হাসান মামুন।
চুক্তির আওতায় উত্তরবঙ্গের কৃষি খাতের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অর্থায়ন সম্প্রসারণের পাশাপাশি কৃষিপণ্যের Agri Value Chain আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পুনঃঅর্থায়ন সুবিধার ফলে কৃষিভিত্তিক উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়বে, কৃষিপণ্যে মূল্য সংযোজন হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
কৃষি উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত অর্থায়নের মাধ্যমে উত্তরবঙ্গে একটি কার্যকর ও টেকসই Agri Value Chain গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


































