বিশ্ববাজারে সোনার দামে পতন, প্রতি আউন্স ৪১২৪ ডলারের নিচে

বিশ্ববাজারে সোনার দামে পতন, প্রতি আউন্স ৪১২৪ ডলারের নিচে ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:৩২, ২০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে সোনার দাম কমেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্যও ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কা তৈরি হচ্ছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ সোনার আকর্ষণ কমে যায়। ফলে উচ্চ সুদের আশঙ্কা সোনার দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের বিনিয়োগকারীরা ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৯১ শতাংশ বলে মনে করছেন।

শেয়ার করুনঃ
Advertisement