রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত ৭

রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত ৭ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৯, ১১ আগস্ট ২০২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুই দেশের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ সময় নভোসুমানস্কি এলাকায় দুটি বড় গুদামে আগুন ধরে যায়।

গভর্নরের তথ্য অনুযায়ী, একটি গুদামের প্রায় ১৬ হাজার বর্গমিটার এবং অপরটির প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, গুদাম দুটি রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের। হামলার আশঙ্কায় প্রতিষ্ঠানটির ওই অঞ্চলের লজিস্টিকস কেন্দ্রগুলো খালি করে দেওয়া হয়।

পরে ওয়াইল্ডবেরিজ জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অধিকাংশ পণ্য ক্ষতিগ্রস্ত হয়নি। তবে পরিস্থিতির কারণে সাময়িকভাবে পণ্য সরবরাহ সীমিত করে অন্য লজিস্টিকস কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রাশিয়ার আরও কয়েকটি এলাকায় হামলা

রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলেও ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইয়েভগেনি সলনৎসেভ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিভিন্ন অঞ্চল ও ক্রিমিয়ার ওপর ইউক্রেনের ছোড়া ৩৯৬টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। এরপর থেকে অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

কিয়েভেও রুশ হামলার দাবি

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি লজিস্টিকস কেন্দ্র এবং নোভা পোশতার একটি টার্মিনালে হামলা চালিয়েছে।

এ ছাড়া জাপোরিঝঝিয়ায় একটি ইস্পাত কারখানায়ও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার ভাষ্য, এসব স্থাপনায় ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সংরক্ষণ অথবা উৎপাদন করা হতো।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় হতাহতের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ও শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হামলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement